ইফতারে বেগুনি নিয়ে দফায় দফায় সংঘর্ষ

ইফতারে ‘পচা বেগুনি’ পরিবেশনকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট সংলগ্ন ‘হোটেল সারেং’ থেকে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক শিক্ষার্থী বেগুনি কেনেন। বেগুনিটির মান ভালো নয় এমন অভিযোগ করলে হোটেল মালিকের সঙ্গে শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। পরে এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি বিষয়টি মীমাংসার জন্য যান। সেখানে প্রক্টরের উপস্থিতিতেই শিক্ষার্থীরা দুজন হোটেল কর্মচারীকে মারধর করে। এ সময় আশেপাশের দোকানদার এবং স্থানীয় এলাকাবাসী ও উৎসুক জনতা ভিড় করলে শিক্ষার্থীরা লাঠিসোঠা ও রড নিয়ে দফায় দফায় সারেং হোটেলে আক্রমণ চালায়। হোটেলের থাই গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করে শিক্ষার্থীরা। এসময় এলাকাবাসী প্রতিরোধ করতে গেলে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষের একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা হলের রাস্তার পাশের রুমগুলোতে পাথর ছুড়ে মারে এলাকাবাসীরা। এতে কয়েকটি কক্ষের জানালার কাঁচ ভেঙে গেছে। এছাড়াও ২নং গেট ও বটতলা সংলগ্ন মেসগুলোতেও  হামলা চালায় এলাকাবাসীরা। উত্তেজিত হয়ে শিক্ষার্থীরাও হামলা চালায়।

এ বিষয়ে প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় পুলিশ সবাই উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে।

সার্কেল এএসপি (ত্রিশাল) অরিত সরকার বলেন, খাবারের মান নিয়ে সংঘাতের সৃষ্টি হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।