কুমিল্লায় বগি লাইনচ্যুতের ঘটনায় বিএনপি জড়িত, দাবি রেলমন্ত্রীর

রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, আগুন সন্ত্রাস ও মানুষ হত্যা করে রাজনৈতিক ফায়দা লুটা যায় না। টাকার বিনিময়ে রেল কেটে ক্ষমতায় যাওয়া যায় না। ক্ষমতায় যেতে হলে মানুষকে সম্পৃক্ত করতে হবে।

সোমবার (১৮ মার্চ) দুপুর ৩টায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম।

রেলপথ মন্ত্রী বলেন, গতকাল রেলের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। যে ব্যক্তি ফিস প্লেট খুলতেছিল তাকে ধাওয়া দিলে ব্যাগ ফেলে পালিয়ে গেছে। তার আইডি কার্ডসহ কাগজপত্র পাওয়া গেছে। সে মূলত কিছু টাকার বিনিময়ে এই কাজ করছে। আগুন সন্ত্রাসী বিএনপি ও বিএনপি সমর্থনকারী জামায়াত এই কাজগুলো করে। এগুলো করে তারা জনসমর্থন পাচ্ছে না। বরং আস্তে আস্তে জনগণ থেকে দূরে সরে গেছে। তারা ভালো করেই জানে মানুষ তাদেরকে ভোট দেবে না। সে জন্যই এইসব অপকর্ম করছে।

তিনি বলেন, ঈদ উপলক্ষে ট্রেনের সঙ্গে অতিরিক্ত বগির ব্যবস্থা করা হয়েছে। সীমিত সামর্থের মধ্যে অধিকাংশ যাত্রী যাতে বহন করা যায় সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি।

তিনি আরও বলেন, টিকিট ছাড়ার ২/৩ ঘণ্টার মধ্যে সমস্ত টিকিট শেষ হয়ে যায়। কোন কোন নাম্বার থেকে টিকিট কেনা হয় প্রত্যেক দিন তার তালিকা নেওয়া হচ্ছে। এর সাথে সাথে কাউন্টার থেকে টিকিট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হান্নান মোল্লা, সহ-সভাপতি এ কে এম ফরিদ হোসেন বাবু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।