রাজধানীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝুম বৃষ্টি

মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছিল দেশের আট বিভাগেই ঝড় বৃষ্টি হতে পারে। দুপুর আড়াইটার দিকে রাজধানীর আকাশ মেঘ জমে। পৌনে ৩টার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি। সঙ্গে ঝোড়ো দমকা হাওয়া। 

এতে গরমের মধ্যে রোজাদাররা স্বস্তি পেলেও ভোগান্তিতে পড়েছে পথচারীরা। একই সঙ্গে রাজধানীর হকার তাদের মালামাল নিয়ে নিয়ে বিপাকে পড়েন।

ছবি : দেশ রূপান্তর

পথচারী নিঝুম শিকদার বলেন, হঠাৎ এমন বৃষ্টিতে আটকে গেছি। বৃষ্টিতে একটি মার্কেটের সামনে দাড়ালেও যে ঝড়ো হাওয়া বইছে তাতেই সম্পূর্ণ ভিজে গেছি।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, খুলনা বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের রাঙ্গামাটি ও নীলফামারী জেলাসহ সীতাকুণ্ড অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা দূর হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।