মেহেদী হাসান রাকিব নামে এক যুবককে তুলে নিয়ে ওয়ার্ড কার্যালয়ে বেধড়ক মারধর ও হত্যার হুমকির অভিযোগে করা মামলায় চট্টগ্রাম নগরের চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নুর মোস্তফা টিনুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ মার্চ) চট্টগ্রামের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার আদালত এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে আদালতে পাঁচলাইশ থানা জিআরও শাখার পুলিশ পরিদর্শক আবু তাহের জানান, মেহেদী নামে এক যুবককে অপহরণ, মারধর ও হত্যার হুমকির মামলায় চসিক কাউন্সিলর নুর মোস্তফা টিনু আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এর আগে নগরের পাঁচলাইশ থানায় টিনুসহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী রাকিব।