ক্লাস চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে ৩১ শিক্ষার্থী হাসপাতালে 

ভোলায় বিদ্যালয় চলাকালীন হঠাৎ গণ মনস্তাাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে ৩১ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। অসুস্থ শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দেয়ায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চিকিৎসাধীন ছাত্র-ছাত্রীরা শীঘ্রই সুস্থ হবে আতঙ্কিত হওয়ার কিছুই নেই বলে জানিয়েছে স্ব্যাস্থ্য বিভাগ।

ভোলা সদর উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু সাঈদ জানান, বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময় জিহাদ নামের একজন ছাত্র হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ছাত্রদের কাছ থেকে বিষয়টি জানার পর দেখা যায় মুহূর্তের মধ্যেই অন্যান্য ছাত্র-ছাত্রীরা অসুস্থ হয়ে যায়। প্রথমে ২৬ জন শিক্ষার্থীকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে আরো ৫ জন অসুস্থ হলে, এখন মোট ৩১ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

অভিভাবকরা জানায়, হঠাৎ করেই এমন ঘটনায় শিক্ষার্থীদেও মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তায়েবুর রহমান জানিয়েছেন, হঠাৎ ছাত্র-ছাত্রীরা ‘ম্যাস সাইকোজেনিক ইলনেস’ নামক রোগে আক্রান্ত হয়েছে। এ বিষয়ে আতঙ্কের কিছু নেই তারা শীঘ্রই সুস্থ হয়ে যাবে।