বাইক থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে শেফিল্ড শিল্ডের ফাইনাল ম্যাচে খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফটের। কনকাশনের শিকার হয়েছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এ ব্যাটসম্যান। আগামী বৃহস্পতিবার শেফিল্ড শিল্ডের ফাইনালে তাসমানিয়ার মুখোমুখি হবে ব্যানক্রফটের দল।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রবিবার এ দুর্ঘটনা ঘটে। এমনিতে নিয়মিত সাইকেল চালান ব্যানক্রফট। হ্যাটট্রিক শিরোপার সামনে দাঁড়িয়ে তার ছিটকে যাওয়া ওয়েস্ট অস্ট্রেলিয়ার জন্য বড় একটা ধাক্কা।
চলতি মৌসুমে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ এবং সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যানক্রফট। ৪৮.৬২ গড়ে তিনি করেছেন ৭৭৮ রান। অধিনায়ক স্যাম হোয়াইটম্যানের সঙ্গে তার ওপেনিং জুটিও দারুণ ফর্মে ছিল এবার।
ব্যানক্রফটের বদলে এখন ওপেনিংয়ে আসতে পারেন ডার্সি শর্ট বা টিগ ওয়াইলি। জেইডেন গুডউইনকেও এ ভূমিকায় পাঠাতে পারে তারা।
অনুশীলনের সময় পা ভেঙে ফেলায় আইপিএলে খেলা হচ্ছে না অজি বাঁহাতি পেসার জেসন বেহরেনডর্ফের। আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলার কথা ছিল এই ৩৩ বছর বয়সীর। তার বদলি হিসেবে মুম্বাই ইংলিশ পেসার লুক উডকে দলে নিয়েছে।