ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে বিশ্ববিদ্যালয়ের বাস, নিহত ১১

কেনিয়ার একটি ব্যস্ত মহাসড়কে ট্রাকের সঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী এক বাসের ভয়াবহ সংঘর্ষে ১১ জন নিহত ও ৪২ জন গুরুতর আহত হয়েছে। প্রবল বৃষ্টিপাতের মধ্যে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপি’র।

জানা গেছে, গতকাল সোমবার কেনিয়াটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসে করে উপকূলীয় শহর মোম্বাসায় যাচ্ছিল। পথে রাজধানী নাইরোবি থেকে ৩৬০ কিলোমিটার দূরে মংগুতে বিকাল ৫টা ৫০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত ও হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা যায়। এ দুর্ঘটনায় মোট ৪২ জন গুরুতর আহত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বিশ্ববিদ্যালয়ের বাসের চালক ওভারটেক করার সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িটি রাস্তার ডানদিকে ছিটকে পড়ে। এ সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বাসটিতে ৫৮ জন যাত্রী ছিল।

কেনিয়ার রেডক্রস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় বলেছে, আহতদের পার্শ্ববর্তী শহর ভইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্বল যোগাযোগ ব্যবস্থা ও নিয়ম না মেনে বেপরোয়া গাড়ি চালানোয় পূর্ব আফ্রিকার দেশটিতে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। ন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যান্ড সেফটি অথরিটির পরিসংখ্যান অনুযায়ী, কেনিয়ায় ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় ৪৩২৪ জন নিহত এবং ১৮৫৬১ জন আহত হয়েছে, যা আগের বছরের তুলনায় ৭.৮ শতাংশ কম।