প্রায় চার বছরেরও বেশি সময় ধরে পর্দায় নেই এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শার্লিন ফারজানার। উনিশ সালের মাঝামাঝিতে একটি নাটকের শুটিংয়ের পর হঠাৎ করেই আড়ালে চলে যান তিনি। যদিও এর পরের বছর তাকে দেখা গেছে প্রেক্ষাগৃহে, তার সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’-এ।
এরপর বিয়ে করেন এবং সেই সংসারে দুই সন্তান আসে। স্বামী, সংসার, সন্তান নিয়ে বেশ সুখেই সময় কাটাচ্ছেন শার্লিন। অভিনয় থেকে নিয়েছেন বিরতি। সবকিছু গুছিয়ে নিয়ে কাজে ফিরবেন বলে জানিয়েছিলেন ‘ঊনপঞ্চাশ বাতাস’ খ্যাত এই নায়িকা।
নতুন খবর হলো, দীর্ঘদিন পর এবার কাজে ফিরছেন সবার প্রিয় এই অভিনেত্রী। এরইমধ্যে বেশ কিছু কাজের প্রস্তাব এসেছে, কথাবার্তাও এগিয়েছে অনেক দূর। সবকিছু ঠিক থাকলে শিগগিরই আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন শার্লিন।
অভিনেত্রী জানিয়েছেন, মোটামুটি বেশ ভালো একটা সময় তিনি কাজ থেকে দূরে রয়েছেন। চলতি মাসেই কাজে ফেরার কথা রয়েছে তার।
শার্লিন ফারজানা দেশ রূপান্তরকে বলেন, সবকিছু মিলিয়ে বেশ ভালো আছি। আমি জানি অনেকদিন থেকেই ভক্তরা চাচ্ছেন আমি যেন কাজে ফিরি। আমি অনেক আগেই কাজ শুরু করতে পারতাম কিন্তু শুধুমাত্র আমার পরিবারকে সময় দেওয়ার জন্য একটু বিরতি নিয়েছিলাম। তাছাড়া দুই সন্তান হওয়ার পর নিজের ফিটনেস ঠিক করারও একটা ব্যাপার থাকে। কাজে ফেরার জন্যই নিজের ফিটনেস ঠিক করেছি।
তিনি আরও বলেন, খুব শিগগিরই সবাইকে নতুন খবর দিতে পারব। সব অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আর মাত্র কিছুদিন।
এদিকে অভিনেত্রী জানান, অভিনয়ের পাশাপাশি তার নতুন কিছু পরিকল্পনা করছেন। প্রোডাকশন হাউজ খুলবেন। সেখান থেকে নিয়মিতই কাজ করবেন। উল্লেখ্য, ২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ সুন্দরী প্রতিযোগীতার বিজয়ী হয়ে শোবিজে পথচলা শুরু করেছিলেন। এরপর বেশ কিছু নামি ফ্যাশন হাউজের মডেল হয়ে নিজের উপস্থিতি প্রকাশ করেছেন। কাজ করেন বেশ কিছু বিজ্ঞাপনের মডেল হিসেবে। এরপর অমিতাভ রেজা চৌধুরীর ‘গ্রামীণফোন’ ও গাজী শুভ্রর ‘সিলন চা’-এর বিজ্ঞাপনের মডেল হয়ে রীতিমতো নতুন করে আলোচনায় চলে আসেন তিনি। কাজ করেন অসংখ্য নাটকে। অভিনয়ের পথচলায় শার্লিন ফারজানা নিজেকে একজন অভিনেত্রী হিসেবেই প্রতিষ্ঠিত করে তুলছেন।