‘গুড নিউজ’ সিনেমার পাঁচ বছর পর একে ফ্র্যাঞ্চাইজি ঘোষণা করে সিক্যুয়েল নিয়ে আসছেন করণ জোহর। এবার নির্মিত হবে ‘ব্যাড নিউজ’। এতে জুটি বাঁধছেন ভিকি কৌশল ও তৃপ্তি ডিমরি। এছাড়াও থাকছেন পাঞ্জাবি সংগীতশিল্পী অমরিন্দরপাল ভির্ক ওরফে অ্যামি ভির্ক। সিনেমাটি পরিচালনা করবেন আনন্দ তিওয়ারি।
লক্ষণীয়, নতুন অভিনেতা এবং পরিচালককে নিয়ে নতুন গল্প বলতে প্রস্তুত প্রযোজক। ‘গুড নিউজ’-এ একই পদবি বিশিষ্ট এক জোড়া দম্পতির আইভিএফ পদ্ধতিতে সন্তান পরিকল্পনা করতে গিয়ে কী জটিলতা সৃষ্টি হয়, তা নিয়েই হাস্যরস উপস্থাপিত হয়েছিল বড় পর্দায়। তবে এবার সেই সূত্র ধরেই গল্প এগোবে কি না, তার উত্তর নির্মাতারা আপাতত আড়ালেই রেখেছেন।
‘অ্যানিমেল’ সিনেমার দৌলতে তৃপ্তি এখন তুমুল চর্চায়। তার সঙ্গে ভিকি কৌশলের সমীকরণ পর্দায় কতটা জমে ওঠে, তা জানার অপেক্ষায় দর্শকরা।
অন্য দিকে, অ্যামি তাদের সঙ্গে মিলে দর্শকদের চমকে দিতেও পারেন বলে মনে করছে ইন্ডাস্ট্রির একাংশ। গত বছর ক্রোয়েশিয়ায় তোলা ভিকি-
তৃপ্তির কিছু ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়। অনেকেই মনে করছেন, ‘ব্যাড নিউজ’-এর কোনো বিশেষ অংশের শুটিংয়ের ছবি সেগুলো।
এই মুহূর্তে কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমার শুটিং শুরু করেছেন
তৃপ্তি। অন্য দিকে, ‘ছাওয়া’ সিনেমার প্রস্তুতি নিচ্ছেন ভিকি। নির্মাতারা জানিয়েছেন ‘ব্যাড নিউজ’ আগামী জুলাই মাসে মুক্তি পাবে।