তনু হত্যা রহস্যই রয়ে গেছে, বিচারের আশা ছেড়ে দিয়েছে পরিবার

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকা-ের ৮ বছর পূর্ণ হচ্ছে আজ বুধবার। দীর্ঘসূত্রতায় তদন্তেই যেন আটকে গেছে তনু হত্যার তদন্ত ও বিচার প্রক্রিয়া। দীর্ঘ ৮ বছরে ১০ বারের মতো মামলার তদন্ত কর্মকর্তা বদল হলেও এখনো তনু হত্যা রহস্যই রয়ে গেছে। তদন্ত ও নানা জটিলতায় বিচারের আশা ছেড়ে দিয়েছে তনুর পরিবার। 

তনুর ধর্ষণ ও হত্যাকান্ডে জড়িত সন্দেহপ্রবণ ব্যক্তির নাম প্রকাশ করলেও তাদের জিজ্ঞাসাবাদ কিংবা আইনের মুখোমুখি করা ও অভিযুক্ত প্রমাণ করা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন তনুর বাবা ইয়ার হোসেন।

কোনো এক অদৃশ্য কারণে গত ৮ বছরেও ধরাছোঁয়ার বাইরে তনুর খুনিরা। এদিকে হত্যাকাণ্ডের ৮ বছর পূর্তিতে তার আত্মার মাগফিরাত কামনা করে গ্রামের বাড়ি মুরাদনগরের দুই মসজিদে দোয়ার আয়োজন করেছে পরিবার। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজেও তার সহপাঠীরা আয়োজন করেছে দোয়া ও স্মরণসভার।

পিবিআই দায়িত্ব পাওয়ার আগে তিনবার মামলার তদন্তকারী সংস্থা ও চারবার মামলার তদন্ত কর্মকর্তা বদল করা হয়। তনু হত্যার ৮ বছর অতিবাহিত হলেও এখনো বিচারকাজ শেষ না হওয়ায় হতাশ তার মা আনোয়ারা বেগম। কথা হলে আনোয়ারা বেগম বুক ভরা কষ্ট নিয়ে বলেন, ‘আমাদের ভাগ্যে মেয়ে হত্যার বিচার নেই।’

২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের পাওয়ার হাউজের অদূরে ঝোপের মধ্যে তনুর লাশ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।