রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, নগর উন্নয়ন অধিদপ্তর ও হাউজ অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের বিদ্যমান সমস্যা নিরসন ও কাজে গতিশীলতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। গতকাল মঙ্গলবার সচিবালয়ের গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসব সংস্থার কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
রাজউকের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় রাজউকের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পে পর্যাপ্ত বনায়ন, পার্ক, খেলার মাঠ, শিশুপার্ক ও জলাধার সংরক্ষণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।
সভায় নগর উন্নয়ন অধিদপ্তর ভূমির সর্বোত্তম ব্যবহার ও পরিকল্পিত নগরায়ণের লক্ষ্যে মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলছে বলে জানান সংস্থাটির কর্মকর্তারা। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানে জনবল সংকট, কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তারা। গণপূর্তমন্ত্রী এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নির্দেশ দেন। মন্ত্রী হাউজ অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের এইচবিআরআইয়ের প্রাতিষ্ঠানিক সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সভায় মন্ত্রণালয়ের সচিব মো. নবীরুল ইসলামসহ সচিবালয় ও সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।