আজকাল মেয়েরা যে ভাবে শাড়ি পরে, তাদের আঁচল ঠিক থাকে না- এমনটাই বললেন কলকাতার বর্ষীয়াণ অভিনেত্রী মমতা শঙ্কর।
কলকাতায় অনুষ্ঠিত হয়েছে প্রকৃতি ও নারীত্বের উদযাপন নামের এক সাংস্কৃতিক আয়োজন। সেখানেই কথাগুলো বলেছেন মমতাশঙ্কর। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি জয় গোস্বামী, বাংলাদেশের খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, বাচিকশিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়। সেখানেই এমনটা বললেন খ্যাতনামা এই অভিনেত্রী।
প্রদর্শনীতে মমতাশঙ্কর বললেন, পুরনো জিনিসকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে। পুরনো জিনিসের একটা আভিজাত্য আছে। আজকাল মেয়েরা যে ভাবে শাড়ি পরে, তাদের আঁচল ঠিক থাকে না। ক্ষমা করবেন এটা বলছি, রাস্তার মেয়েরা ল্যাম্পপোস্টের নিচে যে ভাবে দাঁড়িয়ে থাকে সে ভাবে এখনকার মেয়েরা শাড়ি পরে। তারা তো পেশার তাগিদে পুরুষদের আকর্ষণ করার জন্য ও ভাবে শাড়ি পরে থাকেন। কিন্তু বাকি মেয়েরা বিনা কারণে সেটা কেন করছে?”
তিনি বলেন, মেয়েরা ও ভাবে শাড়ি পরবে তার পরে ছেলেরা কিছু বললে রেগে যায়। বলবে, মেয়েদের অসম্মান করা হচ্ছে। মেয়েদের একটা শালীনতার জায়গা আছে যা দেখে ছেলেরা সম্মান করবে। আমাদের নিজেদের যদি এই মর্যাদা না থাকে তা হলে ছেলেরা সম্মান করবে কী ভাবে! আমি এর প্রতিবাদ করছি।
কিন্তু সম্মান-অসম্মান তো পোশাকের ওপর নির্ভর করে না? পাল্টা জবাব অভিনেত্রীর, প্রথম দেখাতেই তো একটা ধারণা তৈরি হয়। আমি হয়তো খুব ভালো মেয়ে কিন্তু শাড়িটা ওই ভাবে আমি পরব কেন? নিজেকে ও ভাবে দেখাতে যাব কেন!
সূত্র-আনন্দবাজার