চীনের টানেলে যাত্রীবাহী বাস দুর্ঘটনা, নিহত ১৪

পুর্ব এশিয়ার দেশ চীনের উত্তরাঞ্চলে একটি এক্সপ্রেসওয়ে টানেলের ভেতরে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৩৭ জন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার উত্তর চীনের শানসি প্রদেশে একটি এক্সপ্রেসওয়ে টানেলের দেওয়ালের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। সে সময় বাসটিতে ৫১ জন আরোহী ছিলেন।

দুর্ঘটনাটি দুপুর আড়াইটার হুবেই এক্সপ্রেসওয়েতে ঘটেছিল। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

অন্যদিকে শিনহুয়া নিউজ এজেন্সি হতাহতের খবর নিশ্চিত করেছে। তবে দুর্ঘটনায় বেঁচে যাওয়া লোকজনের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে।

অন্যদিকে সিনহুয়া নিউজ এজেন্সির তথ্যমতে, মঙ্গলবার পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের তাইঝোতে একটি স্কুলের সামনে থাকা ভীরের গাড়ি চাপায় তিনজন নিহত এবং ১৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় জননিরাপত্তা ব্যুরো।  

দুর্ঘটনায় আহতদের অবস্থা স্থিতিশীল বলে প্রতিবেদনে বলা হয়েছে।