যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন

ফেব্রুয়ারি মাসে পথে পথে ৫৯৯ মৃত্যু

গত ফেব্রুয়ারি মাসে সারা দেশে সড়ক, নৌ ও ট্রেন দুর্ঘটনায় ৫৯৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এসব দুর্ঘটনায় আহত হয়েছে ১০৯৯ জন এবং নিখোঁজ আছে একজন। আজ বুধবার যাত্রী কল্যাণ সমিতির মাসিক দুর্ঘটনার প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে সড়কে দুর্ঘটনা হয়েছে ৫০৩টি। রেলপথে ৩৮টি এই নৌপথে ৫টি দুর্ঘটনায় ঘটেছে। 

দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ পথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবেদন তুলে ধরা হয়।

যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে ১১৫টি সড়ক দুর্ঘটনায় ১৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৩১৭ জন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে সিলেট বিভাগে। ২১টি সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। 

এই মাসে মোট দুর্ঘটনার ৩৪.৩৯ শতাংশ ঘটেছে মোটরসাইকেলে। অর্থাৎ ১৭৩টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ফেব্রুয়ারিতে। এতে নিহত হয়েছেন ২১০ জন এবং আহত ১২৯ জন।