মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের ৪ জনই একই পরিবারের

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ নারী সদস্য ও মাইক্রোবাসের ড্রাইভারসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দি নামক স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন মাদারীপুরের জেলার কালকিনি উপজেলার গোপালপুর গ্রামের কাজী আবদুল হামিদের তিন মেয়ে কাজী সালমা আক্তার (৫৮), আছমা বেগম (৫৬) কাজী নাছিমা বেগম (৬২), ছেলে হুমায়ুন কাজীর স্ত্রী কোমল বেগম (৭৫) ও মাইক্রোবাসের ড্রাইভার আলমগীর।

মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম ও ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই নোমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকাগামী গ্লোাবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মাদারীপুরগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাসকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মাদারীপুরের রাজৈর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে।

মুকসুদপুর থানার ওসি মো. আশরাফুল আলম বলেন, নিহতদের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মো. জোবায়ের হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারপ্রতি ২৫ হাজার করে অনুদান ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানান।