ডিপিএলে আজ সাভার বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৮ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে। চলতি আসরে চার ম্যাচ খেলে সবগুলোই জিতল তামিম ইকবালের দল।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি নেমে আসে ৩৪ ওভারে। আগে ব্যাট করা রূপগঞ্জ টাইগার্স ১৩২ রানে অলআউট হয়। জবাব দিতে নেমে ২৯.২ ওভারে জিতেছে প্রাইম ব্যাংক। অধিনায়ক তামিম ইকবাল করেন ৬৭ রান। এছাড়া পারভেজ হোসেন ইমনও ফিফটি করেন।
লক্ষ্য বড় না হলেও প্রাইমের ওপেনিং জুটিতে আসে ১১৮ রান। এবারের ডিপিএলে আগের তিন ইনিংসে তামিমের রান ছিল ১৭, ১৬ ও ৬। এবার বড় রান পেলেন তিনি। আজ ৭৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬৭ রান করে আব্দুল্লাহ আল মামুনের বলে বোল্ড হন তামিম।
প্রাইমের আরেক ওপেনার ইমন তিন চারে ৭৫ বলে করেন ৫০ রান। এই দুই ব্যাটসম্যান ফেরার পর বাকি কাজটা করেন বিশাল চৌধুরী (৬) ও নাইম ইসলাম (৮)।
তার আগে রূপগঞ্জ ব্যাট করতে নেমে দলীয় ৫৩ রানে ৪ উইকেট হারায়। পঞ্চম উইকেটে শামসুর রহমান শুভ ও আসাদুল্লাহ আল গালিব পঞ্চম উইকেটে ৫৩ রান যোগ করেন। ২৫তম ওভারে গালিব (২৫) ফিরলে জুটি ভাঙে। শুভ ৫০ রান করে ফেরেন। ২৬ রানে শেষ ৬ উইকেট হারায় রূপগঞ্জ টাইগার্স।