কোম্পানীগঞ্জে ভোররাতের আগুনে পুড়ল ৮ দোকান

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়ায় আগুনে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার ভোর রাতের দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে নতুন বাজারে অবস্থিত হোটেল ও ফলের দোকানসহ ৮টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ জামিল মিয়া জানান, প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগেই ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ধরণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি বলেও জানান তিনি।