পরিচয় লুকিয়ে পাকিস্তান সেনাবাহিনীর উচ্চপদে দুই আফগান

পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং লেফটেন্যান্ট পদে কর্মরত দুই আফগান নাগরিককে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। চলতি সপ্তাহের শুরুতে ডন নিউজ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। খবর দ্য ডন অনলাইনের।

মন্ত্রী বলেন, পরিচয় লুকিয়ে পাকিস্তানে বসবাসকারী আফগান নাগরিকরা সেনাবাহিনীতে রয়েছেন। আগের সরকারের (পিএমএল-এন) প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি সেনাবাহিনীতে কর্মরত আফগান নাগরিকদের বরখাস্ত করার ফাইলে সই করেছিলেন। এই তালিকায় একজন ক্যাপ্টেন এবং লেফটেন্যান্টও ছিলেন। 

খাজা আসিফ বলেন, বরখাস্ত এক আফগান নাগরিকের বাবা তার (মন্ত্রীর) কাছে চিঠি লিখেছেন। তার দাবি, তার ছেলে আফগান হলেও তিনি অনেক বছর ধরে পাকিস্তানে বাস করছেন। কোয়েটায় সম্পত্তি ও ব্যবসা রয়েছে তার। 

মন্ত্রী বলেন, সারা বিশ্বে প্রতিবেশী দেশগুলোর মধ্যে অভিন্ন সীমানার অলঙ্ঘনীয়তা বজায় রাখতে হয়। কিন্তু পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে  ডুরান্ড লাইনের কোনো অলঙ্ঘনীয়তা নেই। যে কেউ চাইলেই পাকিস্তানে প্রবেশ করতে পারে, বছরের পর বছর থাকতে পারে, আইডি কার্ড পেতে পারে। এমনকি সেনাবাহিনীতেও যোগ দিতে পারে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানান, ভারতের সঙ্গে থাকা সীমান্তের মতো আফগানিস্তানের সঙ্গেও একই রকম সীমান্ত ক্রসিং প্রটোকল চায় ইসলামাবাদ।