প্রেম করে বিয়ে, এরপর সাত বছর সংসার। সেই স্ত্রী অন্য প্রেমিকের সঙ্গে চলে গেছেন। এরপর একমাস স্ত্রীর জন্য অপেক্ষা করেন। তবে ফিরে আসেননি স্ত্রী। মন থেকে স্ত্রীকে মুছে ফেলতে এবং নিজেকে শুদ্ধ করতে দুধ দিয়ে গোসল করলেন মামুন মোল্লা।
মামুন মোল্লার দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার (১৯ মার্চ) ভাইরাল হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, মামুন মোল্লা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়ী গ্রামের মৃত মাজেদ মোল্লার ছেলে। দুধ দিয়ে গোসলের ওই ভিডিওটি ১৭ মার্চের।
মামুন মোল্লা গণমাধ্যমকে বলেন, ‘স্ত্রীকে কোনো কিছুর অভাবে রাখিনি। কিন্তু সে আমার সঙ্গে প্রতারণা করেছে। ৫০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণ নিয়ে প্রেমিকের সঙ্গে চলে গেছে। একমাস অপেক্ষাও করেছি। এরপর নিজের ভুল বুঝতে পেরে দুধ দিয়ে গোসল করে নিজেকে শুদ্ধ করেছি।
দুধ দিয়ে গোসলের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জনাব আলী। তিনি বলেন, ‘রবিবার এক মণ দুধ দিয়ে গোসল করেছে মামুন। স্ত্রী চলে যাওয়ায় নিজেকে শুদ্ধ করতে এই কাজ করেছেন বলে জানিয়েছেন মামুন।’