এক মিলিয়ন ইউরোয় জামিন পাবেন দানি আলভেজ

যৌন নিগ্রহের মামলায় চূড়ান্ত রায় আসার আগ পর্যন্ত জামিন পাওয়ার সুযোগ পেলেন ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজ। তবে এ জামিন পেতে হলে তাকে গুণতে হবে এক মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ৮৮ লাখ ৪৪ হাজার টাকা। বার্সেলোনার আদালত আলভেজের ব্যাপারে এ সিদ্ধান্ত নিয়েছে।

শুধু অর্থমূল্য দিলেই যে পুরোপুরি স্বাধীন হয়ে যাবেন আলভেজ- তা নয়। এর পরও তার স্প্যানিশ ও ব্রাজিলিয়ান দুটি পাসপোর্টই জব্দ করে রাখবে আদালত। ভিকটিমের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করার ওপরও আরোপিত হবে নিষেধাজ্ঞা। এবং প্রতি সপ্তাহে আদালতে এসে হাজিরা দিয়ে হবে আলভেজকে।

দানি আলভেজের আইনজীবী ইনেস গার্দিওলার আবেদনের প্রেক্ষিতে বার্সেলোনার আদালত ধারা ২১ অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়। আলভেজ দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ শাস্তির সাড়ে ৪ বছর কারাবাসের এক-চতুর্থাংশ সময় পার করে ফেলায় এ আবেদন করেন।  

গত ২০ জানুয়ারি স্পেনে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার হন দানি আলভেজ। এক নারীর অভিযোগের প্রেক্ষিতে থানায় সাক্ষ্য দিতে গিয়ে গ্রেফতার হন এই বার্সেলোনা কিংবদন্তি। সেই নারীর অভিযোগ ছিল, ৩০ ডিসেম্বর বার্সেলোনার একটি নৈশ ক্লাবে আলভেজ তাকে যৌন হয়রানি করেছেন।

ওইদিন আলভেজ থানায় যাওয়ার পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে আটক করে পুলিশ। এর আগে ঘটনার দুদিন পর সেই নারী আলভেজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগটি সামনে নিয়ে আসেন। ওই নারীর দাবি, তার অনুমতি ছাড়াই আলভেজ তাকে স্পর্শ করেছেন। নারীর সেই অভিযোগের ভিত্তিতে ব্রাজিলিয়ান ফুটবলারের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলছে। যদিও শুরু থেকে অভিযোগটি অস্বীকার করে আসছেন ব্রাজিলের এ ডিফেন্ডার।