গাইবান্ধা সদর উপজেলায় টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য নিতে গিয়ে এক ইউপি চেয়ারম্যানের কিল-ঘুসিতে আহত হয়েছেন মোজাহিদ ইসলাম নামে এক দিনমজুর। আহত মোজাহিদুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত মঙ্গলবার স্ত্রী রুমা বেগমের নামের টিসিবির কার্ডের মালামাল নিতে গিয়ে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ হামলার শিকার হন মোজাহিদ। আহত মোজাহিদের অভিযোগ, চেয়ারম্যান মোসাব্বির হোসেন হঠাৎ করে তার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তিনি কিল-ঘুসি মারতে থাকেন। একপর্যায়ে তাকে ধাক্কাতে ধাক্কাতে পরিষদ থেকে বের করে দেন চেয়ারম্যান।
এদিকে ঘটনার সময়ে ধারণ করা একটি ভিডিওচিত্র মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান মোসাব্বির পরিষদ থাকা বেশ কিছু লোকজনকে বের করে দিচ্ছেন। এ সময় গেটের কাছে দাঁড়িয়ে থাকা মোজাহিদকে লক্ষ্য করে মাথায় ও বুকে পিঠে কিল-ঘুসি মারতে থাকেন চেয়ারম্যান মোসাব্বির। মোজাহিদকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেন চেয়ারম্যান মোসাব্বির।
মোজাহিদ (৪৫) রামচন্দ্রপুর ইউনিয়নের বড় মহানন্দপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তির পর মোজাহিদ জানান, মঙ্গলবার সকাল থেকেই রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদে টিসিবির কার্ডের মালামাল দেওয়া হচ্ছিল। কিন্তু বিকেল ৩টার দিকে প্রায় ৫০ থেকে ৫৫ জন কার্ডধারীকে পণ্য দিতে সময়ক্ষেপণ করেন টিসিবির সংশ্লিষ্ট ডিলার। অপেক্ষা করেও বিকেল ৫টা পর্যন্ত পণ্য পাওয়া যায়নি। এ নিয়ে উপস্থিত কার্ডধারীদের মধ্যে হইচই শুরু হয়। এতে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে ওঠেন।
মোজাহিদের অভিযোগ, চেয়ারম্যান অতর্কিতভাবে তার ওপর হামলা চালান। এ ঘটনার প্রতিকার চেয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলেও জানান তিনি।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চেয়ারম্যানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।