স্ত্রীসহ চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে প্রায় সোয়া তিন কোটি টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের সঙ্গে ৪ কোটি ৩৪ লাখ টাকা মূল্যের অসংগতিপূর্ণ সম্পদ থাকায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে দুদক মামলা করেছে।

এ ছাড়া ৩৪ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের সঙ্গে ১ কোটি ২৪ লাখ টাকা মূল্যের সম্পদ অসংগতিপূর্ণ থাকায় চেয়ারম্যানের স্ত্রী মোছা. জোমেলা খাতুনের বিরুদ্ধেও পৃথক মামলা হয়েছে।

গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশন পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মনোয়ার হোসেন বাদী হয়ে মামলা দুটি করেন।

এ বিষয়ে গাড়াদহ ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ‘এখনো লিখিত কোনো চিঠি পাইনি। ফলে বিষয়টি আমার জানা নেই।’