হাতিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সুইডেনের রাজকন্যা

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত সুইডেনের রাজকন্যা প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া গতকাল বুধবার হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় তিনি সেখানে বসবাসকারী রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

ভিক্টোরিয়া গতকাল সকালে হেলিকপ্টারে বুড়িরচর ইউনিয়নের পশ্চিম বড়দেইল এলাকায় যান। পরে তিনি বুড়িরচর ইউনিয়নের নতুন সøুউস বাজার পরিদর্শন করেন এবং গুচ্ছগ্রামের জেলে পরিবারের সঙ্গেও কথা বলেন। তিনি নলচিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার পরিদর্শন করেন। তারপর তিনি হেলিকপ্টারযোগে ভাসানচর যান এবং সেখানে রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন।

নোয়াখালী-৬ হাতিয়া আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী, সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম হেলিপ্যাডে প্রিন্সেসকে স্বাগত জানান।

নোয়াখালী জেলা প্রশাসন সূত্র জানান ১৮ থেকে ২১ মার্চ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপির) শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশ সফর করছেন সুইডিশ রাজকন্যা ভিক্টোরিয়া। এ সফরের অংশ হিসেবে সুইডিশ রাজকন্যা ২০ মার্চ সকালে হাতিয়ার বুড়িরচর এলাকায় হেলিকপ্টার থেকে অবতরণ করেন। তার সফরের সংক্ষিপ্ত সময়ে তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দুটি এলাকা পরিদর্শন করেন, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষের জীবন-জীবিকা অবলোকন করেন।

স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী বলেন, প্রিন্সেস ভিক্টোরিয়ার আগমনে উপকূলীয় এলাকার ঝুঁকিপূর্ণ জলবায়ু পরিস্থিতি মোকাবিলায় আগামীতে বিশেষ ভূমিকা রাখবে। হাতিয়া উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন বলেন, প্রিন্সেস ভিক্টোরিয়া স্থানীয় লোকজনের জীবনমান অবলোকন, এসডিজি বাস্তবায়নে অগ্রগতি এবং চলমান দুর্যোগকবলিত চ্যালেঞ্জগুলো পরিদর্শন করেন।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম গতকাল বলেন, রাষ্ট্রীয় অতিথির হাতিয়ায় আগমন উপলক্ষে বিভিন্ন স্থানে প্রায় ২০০ পুলিশ ও র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড মোতায়েনসহ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।