কিশোরগঞ্জের ভৈরবে মিলাদ মাহফিল, কালোব্যাজ ধারণ, পুষ্পমাল্য অর্পণ, আলোচনাসভার মধ্যদিয়ে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে এসব কর্মসূচি পালিত হয়।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পৌরসভার মেয়র আলহাজ ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সাবেক একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ সাকু, পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকী বিল্লাহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১/১১ রাজনৈতিক সংকটকালে বড় দুই দলের দুইনেত্রী যখন কারাবন্দি, সে সময় জিল্লুর রহমানের সাহসী ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে আজ দেশে গণতন্ত্র বহমান। বিশেষ করে ‘নো হাসিনা, নো ইলেকশন’ তার এই দৃঢ় অবস্থানের কারণে সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকার জননেত্রী শেখ হাসিনাকে কারামুক্ত করে একটি সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। যার ফলে আওয়ামী লীগ আজ ধারাবাহিকভাবে ক্ষমতায় থেকে দেশে অভূতপূর্ব উন্নয়ন করে যাচ্ছে।