৫০ হাজারে ধর্ষণের মীমাংসা আ.লীগ নেতার নামে মামলা

সিরাজগঞ্জের এনায়েতপুরে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ৫০ হাজার টাকায় মীমাংসাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চুসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠা এক বৃদ্ধকে মামলার প্রধান আসামি করা হয়েছে। তাকে আটকও করেছে পুলিশ। গত মঙ্গলবার ভোরে মুদিপাড়া গ্রামে ধর্ষণের ওই ঘটনা ঘটে। আটক আয়নাল হক প্রামাণিক (৬২) একই গ্রামের বাসিন্দা।

গ্রামবাসী জানায়, বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণীর বাবা দ্বিতীয় বিয়ে করে অন্যত্র থাকায় তিনি মায়ের সঙ্গে থাকতেন। মঙ্গলবার ভোরে মা অন্যের বাড়িতে কাজ করতে গেলে ওই তরুণী বাড়ির বাইরে হাঁটাহাঁটি করছিলেন। তখন তাকে ফুসলিয়ে একটি নির্জন বাগানবাড়িতে নিয়ে বৃদ্ধ আয়নাল ব্যাপারী ধর্ষণ করে। বাড়িটির পাশেই এনায়েতপুর ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম শিক্ষার্থীদের কোচিং করানোর সময় বিষয়টি দেখে গ্রামের লোকজনকে অবহিত করেন। পরে এলাকাবাসী এসে আয়নাল প্রামাণিককে ধরে ফেলে। কিন্তু ঘটনা ধামাচাপা দিতে ওই দিন সকালেই এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চুর নেতৃত্বে সালিশ বৈঠক বসানো হয়। বৈঠকে আয়নাল প্রামাণিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে এ সিদ্ধান্ত না মেনে তরুণীর স্বজনরা পুলিশে খবর দেন। খবর পেয়ে এনায়েতপুর থানা পুলিশের একটি দল ধর্ষণের শিকার তরুণীকে উদ্ধার ও তাকে ধর্ষণের অভিযোগ ওঠা আয়নাল প্রামাণিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এরপর ওই দিন সন্ধ্যায় তরুণীর মামা বাদী হয়ে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চুসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণীকে একা পেয়ে ধর্ষণ করেন আয়নাল হক প্রামাণিক। ঘটনাটি ধামাচাপা দিতে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চুর উপস্থিতিতে সালিশ বৈঠক করে ধর্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ধর্ষককে আটক ও তরুণীকে উদ্ধার করা হয়।’

এ বিষয়ে আহম্মদ মোস্তফা খান বাচ্চু বলেন, ‘এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মেয়েটির আত্মীয়-স্বজন বসে সবার সম্মতিতে ৫০ হাজার টাকা জরিমানা করে বিষয়টি নিষ্পত্তি করা হয়। এরপর ওই মেয়েটির এক আত্মীয় পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদের নিয়ে যায়।