শুরুতেই দাপট বাঘিনীদের, সুলতানার জোড়া মারুফার এক উইকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে মেঘলা আবহাওয়ায় টসভাগ্য পাশে পান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টস জিতে এমন পরিস্থিতিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে দেরি করেননি।

অধিনায়কের সিদ্ধান্ত আরও যথার্থ প্রমাণ করেন অফস্পিনার সুলতানা খাতুন। নিজের প্রথম বলেই তুলে নেন অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার ফিবি লিচফিল্ডের উইকেট। দারুণ ডেলিভারিতে ব্যাকফুটে যাওয়া ফিবিকে বোল্ড করেন সুলতানা। গোল্ডেন ডাকের শিকার হয়ে ফেরেন লিচফিল্ড।

নিজের তৃতীয় ওভারে এসে তুলে নেন উইমেন্স প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথম শিরোপা এনে দেওয়া বিধ্বংসী ব্যাটার অ্যালিস পেরিকে। পেরি ব্যাটের কানায় লেগে যাওয়া বলটি কিপার জ্যোতির গ্লাভস মিস করলেও ঠাই পায় স্লিপে থাকা রাবেয়া খানের মুঠোয়। ১০ বল খেলে মাত্র ২ রানেই ফেরেন পেরি।

পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই নবম ওভারে অজি অধিনায়ক অ্যালিসা হিলির উইকেট শিকার করেন মারুফা আক্তার। টানা ভালো বোলিংয়ে রান আটকে রাখা মারুফার গুড লেন্থের বল হিলি ব্যাট ছুয়ে জ্যোতির গ্লাভসে গিয়ে থামে। ৩৯ বলে ৩ চারে ২৪ রানে ফেরেন হিলি।

অস্ট্রেলিয়া তিন উইকেট হারায় ২৭ রানেই।