শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া অস্ট্রেলিয়ার হাল ধরেছিলেন বেথ মুনি। ৬৩ বল খেলে ফেলেছেন, ক্রিজে একদম সেট। সেই অবস্থায় নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই মুনির উইকেট শিকার ফাহিমা খাতুনের। উল্লাসে ফেটে পড়াটাই স্বাভাবিক বাংলাদেশের। কেননা ৭৮ রান তুলতেই যে অজিদের অর্ধেক ব্যাটারকে সাজঘরে ফেরানো হয়ে গেছে।
মুনি আউট হওয়ার আগে করেন ২৫ রান। ২৭ রানে ৩ উইকেট হারানো অজিদের টানছিলেন তিনিই। ৬৪ বলের ইনিংসে বাউন্ডারি মারেন মাত্র একটি। মুনি ক্যাচ দিয়েছেন জ্যোতিকে। ফাহিমা ভাঙেন মুনি-গার্ডনারের ৩০ রানের জুটি।
তার আগে নাহিদা আক্তার ফেরান তালিয়া ম্যাকগ্রাকে। ২০ বল খেলে ৯ রান করা তালিয়াকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন নাহিদা। দলীয় ৪৮ রানে ফিরেছিলেন তিনি। ৮৩ রানে সোবহানা মোস্তারি অ্যাশলে গার্ডনারের ক্যাচ না ফেললে আরও একটি উইকেট শিকার হতো ফাহিমার।