রাজধানীতে পৃথক দুর্ঘটনায় মিরপুর মাজার রোডে আরশাদ আলী (৫৫) ও মেয়র হানিফ ফ্লাইওভারে আবু তাহের (৬৭) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে পৃথক সড়ক দুর্ঘটনা দুটি ঘটে। পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক রাত ১টার দিকে তাহেরকে মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে মারা যান আরশাদ আলী।
নিহত আরশাদের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আলিপুর গ্রামে। বাবার নাম মৃত আব্দুল জলিল সরকার।
তার ছোট ভাই আব্দুল মতিন জানান, একমাত্র মেয়ে ও স্ত্রীকে নিয়ে মিরপুর শাহ আলী মার্কেটের পাশে একটি বাড়িতে ভাড়া থাকতেন আরশাদ। শাহ আলী মার্কেটে একটি দোকানে সেলসম্যান হিসেবে চাকরি করতেন। বুধবার রাতে মার্কেট থেকে কাজ শেষ করে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। পথে মিরপুর মাজার রোডে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।
এদিকের ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেন আরিফ জানান, ওয়ারী থানা সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের কোন গাড়ি ওই সিএনজি অটোরিকশাটিতে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচরে যায় অটোরিকশাটি। আর গুরুতর আহত হন চালক আবু তাহের। তখন পথচারীরা তাকে হাসপাতলে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহতের আবু তাহের পরিবার নিয়ে থাকতেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকায়। ভাড়ায় সিএনজি অটোরিকশা চালাতেন তিনি। তবে কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। এই ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা রুজু হয়েছে।