এবার জাহাজ কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরান সমর্থিত ইয়েমেনভিত্তিক হুতি বিদ্রোহীদের সাথে যোগাযোগের অভিযোগ তুলে এক জাহাজ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার মার্কিন ট্রেজারি দপ্তর এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।

মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণায় বলা হচ্ছে, কোম্পানিটির একটি জাহাজ অবৈধ চালানের সঙ্গে জড়িত। খবর আল জাজিরা।

নিষেধাজ্ঞার কবলে পড়া জাহাজ কোম্পানিটির নাম বিষ্ণু ইনকরপোরেশন। কোম্পানিটি মার্শাল দ্বীপপুঞ্জে নিবন্ধিত।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, নিষেধাজ্ঞা দেওয়া মালবাহী জাহাজটি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কুদস ফোর্স ও ইয়েমেনের হুতি বিদ্রোহীর অর্থায়নকারী সাইদ আল-জামালের সঙ্গে সংশ্লিষ্ট। সাইদ আল-জামালের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে।

এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি দপ্তরের কর্মকর্তা ব্রায়ান নেলসন বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়ানোসহ আইআরজিসি-কিউএফ এবং সন্ত্রাসী হামলায় অর্থায়নে হুতির প্রচেষ্টা বন্ধ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, বেসামরিক ও শান্তিপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য হুমকি সৃষ্টিকারী গুরুত্বপূর্ণ অর্থায়ন উৎসগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

মার্কিন ট্রেজারির তথ্যমতে, বিষ্ণু ইনকরপোরেশনের লেডি সোফিয়া নামক জাহাজটিতে একটি ইরানি পণ্যের কার্গো পাওয়া গিয়েছিল, যা আল-জামালের সাথে যুক্ত। জাহাজটি বর্তমানে চীনে ভ্রমণ করছে বলে জানিয়েছে মার্কিন ট্রেজারির।

ইরানের তেল এবং পেট্রোকেমিক্যালগুলোও যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার অধীনে রয়েছে।

গাজাতে ইসরায়েলের হামলার প্রতিবাদে লোহিত সাগরে বিভিন্ন বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালিয়ে আসছে হুতি বাহিনী। জাহাজে হুতিদের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের নেওয়া বিভিন্ন পদক্ষেপের মধ্যেই এই নিষেধাজ্ঞার ঘোষণা আসলো।