৩ রানআউট, ২৫ রানে ৮ উইকেট, বাংলাদেশের হার ১১৮ রানে

২১৪ রানের লক্ষ্য। তাড়া করতে পারলেই রচিত হতো অজিবধের ইতিহাস। তবে পরিসংখ্যান বলে ভিন্ন কথা। ওয়ানডেতে বাংলাদেশ এর আগে কখনো ২১০ রানের বেশি তাড়া করে জিততে পারেনি। তাই এই রান টপকাতে পারলে সেটিও হতে পারতো নতুন রেকর্ড। তবে সেসবের কিছুই হয়নি। উল্টো ৯৫ রানে অলআউট হয়ে প্রথম ওয়ানডে বাংলাদেশ হেরেছে ১১৮ রানের ব্যবধানে।

বাংলাদেশ ইনিংসের শুরুতেই আসে ধাক্কা। রানের খাতা খোলার আগেই দ্বিতীয় বলে ফেরেন অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক পিংকি। মেগান শুটের ইনসুইঙ্গিং ডেলিভারিতে পরাস্ত হন পিংকি। উইকেটের পিছে হিলির ক্যাচে পরিণত হন। বাংলাদেশ দ্বিতীয়বার হোঁচট খায় অষ্টম ওভারে। অ্যাশলে গার্ডনার বোলিংয়ে এসেই দ্বিতীয় বলে ফেরান মুরশিদা খাতুনকে। ২৪ বলে ২ চারে ১০ রান করা মুরশিদা ক্যাচ দেন স্লিপে বেথ মুনির হাতে। 

সেখান থেকে ৪৯ রানের জুটি গড়েছিলেন জ্যোতি ও সোবহানা। এরপর ৭০ থেকে ৭৫, পাঁচ রান যোগ হতেই নেই বাংলাদেশের তিন উইকেট। শুরু সোবাহানা মোস্তারির উইকেট দিয়ে। অ্যালানা কিংয়ের লেগ স্টাম্পের বাইরে পড়া ইয়র্কার ডেলিভারিটি সুইপ করতে গিয়ে ব্যর্থ হন সোবহানা। বল ঘুরে আঘাত হানে স্টাম্পে। তাতে ৩৮ বলে ১৭ রান করা সোবহানা বোল্ড হয়ে ফেরেন।

এর পর ফাহিমা ‍খাতুন ও রিতু মনি-দুজনেই কাটা পড়েন অজিদের দারুণ ফিল্ডিংয়ে। দুজনই হন রান আউট। ফাহিমা ফেরেন ৭১ রানের সময়, রিতু ৭৫-এ বেথ মুনির সরাসরি থ্রোয়ে। একপাশে নির্বাক দর্শক অধিনায়ক জ্যোতি।

বেথ মুনির সরাসরি থ্রোয়ে রানআউট হন রিতু মনি। ছবি: মোশারফ হোসেন

প্রতিরোধ গড়ার চেষ্টায় থাকা জ্যোতি ৬৪ বল খেলে ৪ বাউন্ডারিতে ২৭ রানে ক্রিজে, সেই সময় তার পরিণতিও হয় আগের দুজনের মতো। জ্যোতির আলসেমির চাইতেও যেখানে বড় ভূমিকা অ্যালিসা হিলির কড়িৎকর্মা উইকেটকিপিংয়ের। নিশ্চিত এক রান নিতে গিয়ে স্ট্রাইকার প্রান্তে এসে নির্ভার জ্যোতি ক্রিজে পা ফেলার অন্তিম সময়ে অ্যানাবেল সাদারল্যান্ডের করা থ্রো গ্লাভসে নিয়ে উইকেট ভেঙে দেন হিলি। রিপ্লেতে ফল আসে জ্যোতির বিপক্ষে। জ্যোতির ২৭ রানই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংস। 

৮৩ রানের মাথায় দলকে বিপদের যে সমুদ্রে রেখে জ্যোতি সাজঘরে ফেরেন তার তীব্র স্রোত সামলাতে পারেননি বাকি ব্যাটাররা। আস্কিং রেটের চাপে পড়ে কিম গার্থের বলে সজোরে হাঁকাতে গিয়ে স্বর্ণা ক্যাচ তুলে দেন পয়েন্ট অঞ্চলে। তা মুঠোবন্দি করেন ফিবি লিচফিল্ড। ২২ বলে ৬ রান করে ফেরেন স্বর্ণা। এক ওভার পরেই গার্থের ভেতরে ঢোকা ডেলিভারি স্টাম্প ভেঙে দেয় ১৯ বলে ৫ রান করা রাবেয়া খানের।

কিংয়ের জায়গায় বোলিংয়ে এসে দুই বলের ব্যবধানে সুলতানা খাতুনকে নিজের দ্বিতীয় ও মারুফা আক্তারকে তৃতীয় শিকার বানান অ্যাশলে গার্ডনার। ৩৬ ওভারে ৯৫ রানেই অলআউট হতে হয় বাংলাদেশকে।