আইপিএল শুরুর আগের দিন নেতৃত্ব ছাড়লেন ধোনি

যার হাত ধরে আইপিএলে টানা সাফল্যের চূড়ায় উঠেছে চেন্নাই সুপার কিংস, সেই মহেন্দ্র সিং ধোনি এবার আর অধিনায়ক থাকছেন না। তার পরিবর্তে সিএসকের নতুন অধিনায়ক করা হয়েছে রুতুরাজ গায়কোয়াড়কে। ঘোষণাটি এসেছে আইপিএল ২০২৪ শুরুর ঠিক আগের দিন। 

চেন্নাইয়ে আইপিএলের ট্রফি নিয়ে ১০টি দলের ফোটোশ্যুটের পরই বিষয়টি প্রকাশ্যে আসে। ন'টি দলের অধিনায়ক এবং পাঞ্জাব কিংসের সহ-অধিনায়ককে নিয়ে ফোটোশ্যুটে চেন্নাইয়ের তরফে আসেন রুতুরাজ। এরপর বিবৃতিতে সিএসকে তাদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করে জানায়, '২০২৪ সালের আইপিএল শুরুর আগে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব তুলে দিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৯ সাল থেকে চেন্নাই সুপার কিংসের গুরুত্বপূর্ণ সদস্য হলেন রুতুরাজ। ওই সময়ের মধ্যে আইপিএলে ৫২টি ম্যাচ খেলেছেন। আসন্ন মরশুমের জন্য উদগ্রীব হয়ে আছি আমরা।'

কাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে ম্যাচ দিয়ে এবারের আইপিএল শুরু করছে চেন্নাই সুপার কিংস। যে ম্যাচে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের খেলার সম্ভাবনা রয়েছে। 

ট্রফি নিয়ে এবারের আইপিএলের ১০ অধিনায়ক

আইপিএলে ক্যাপ্টেন কুল খ্যাত ধোনির সাফল্যই সবচেয়ে বেশি। সব প্রতিযোগিতা মিলিয়ে সিএসকের খেলা ২৪৯ ম্যাচের ২৩৫টিতেই নেতৃত্ব দিয়েছেন তিনি। এরমধ্যে  ১৩৩ ম্যাচে জয় পেয়েছে সিএসকে। পাচ বার দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন তিনি। তবে এই প্রথমবার সিএসকের অধিনায়কত্ব ছাড়লেন না ধোনি। ২০২২ সালের আইপিএলেও অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। সিএসকের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু তাঁর অধীনে শোচনীয় পারফরম্যান্স করেছিল চেন্নাই। সেই পরিস্থিতিতে জাদেজার হাত থেকে অধিনায়কত্বের ব্যাটন ফেরত নিয়েছিলেন ধোনি। আর পরের বছরই চেন্নাইকে চ্যাম্পিয়ন করেছিলেন। কিন্তু অধিনায়ক হিসেবে সেই খেতাব ‘ডিফেন্ড’ করতে নামছেন না ধোনি। বরং রুতুরাজের অধীনে খেলবেন তিনি।

গত বার আইপিএল জেতার পরে ধোনি জানিয়েছিলেন, হাঁটুর চোট ভোগালেও সমর্থকদের কথা ভেবে অন্তত আর এক বছর তিনি খেলবেন। এ বার প্রতিযোগিতার আগে হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন। তার পরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। হয়তো এ বারই শেষ বার খেলবেন ধোনি। সেই কারণে পরবর্তী অধিনায়ক তৈরি করে যেতে চাইছেন।