পাকিস্তানের গোয়াদর বন্দরে বিচ্ছিন্নতাবাদীদের হামলা রুখে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। হামলায় দুই সৈন্য ও ৮ সন্ত্রাসী নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বন্দর কর্তৃপক্ষের কমপ্লেক্সে গোয়েন্দা সংস্থা ও আধাসামরিক বাহিনীর দপ্তরে বোমা হামলা চালিয়ে আক্রমণ শুরু করে সন্ত্রাসীরা। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে ৮ সন্ত্রাসী নিহত হয়।
পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় দুই সৈন্য নিহত হয়েছে। বন্দরে মোতায়েন থাকা সেনারা সফলভাবে হামলা প্রতিরোধ করেছে।
এক বিবৃতিতে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করে বলেছে, তাদের যোদ্ধারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার দপ্তরগুলোতে হামলা চালিয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে। তাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী বালুচ লিবারেশন আর্মি। এই গোষ্ঠীটি এর আগেও বেলুচিস্তানে ও অন্য জায়গায় পাকিস্তানি ও চীনা স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।