৩৫ সোমালি জলদস্যুর বিচার করবে ভারত

সম্প্রতি সোমালি জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ এমভি রুয়েন উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী। এ সময় ৩৫ জলদস্যুকে আটকে করা হয়। তাদের ভারতে এনে বিচার করা হবে বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তারা। খবর আল আরাবিয়ার।

নাম প্রকাশে অনিচ্ছুক নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, শনিবার ভারতে পৌঁছানোর কথা রয়েছে আটক সোমালি জলদস্যুদের। ভারতে পৌঁছে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। তবে দস্যুদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হবে তা নিশ্চিত করে জানাতে পারেননি এই কর্মকর্তা। 

এর আগে গত শনিবার জলদস্যুদের কবল থেকে জাহাজ এমভি রুয়েন উদ্ধার করতে সক্ষম হয় ভারতীয় নৌবাহিনী। গত বছরের ১৪ ডিসেম্বর জাহাজটি জিম্মি করে দস্যুরা। এরপর থেকেই অঞ্চলটিতে নজরদারি শুরু করে নৌবাহিনী। এই জাহাজ ব্যবহার করে অন্য জাহাজে হামলা চালায় দস্যুরা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করে দস্যুরা।