পাকিস্তানের বর্তমান সরকার চার থেকে পাঁচ মাসের বেশি স্থায়ী হবে না বলে মনে করছেন দেশটির কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারের পতন হলেই রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে মুক্তির পথ প্রশস্ত হবে বলেও ধারণা তার।
বৃহস্পতিবার (২১ মার্চ) আদিয়ালা কারাগারে দুর্নীতির মামলায় শুনানির পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। খবর ডন অনলাইনের।
সরকার পতনের আশাবাদ জানিয়ে ইমরান খান বলেন, সরকার বেশি দিন টিকবে না বলেই পিপলস পার্টি (পিপিপি) মন্ত্রিসভায় যোগ দেয়নি। এ সময় তার বিরুদ্ধে দায়ের করা ‘ভিত্তিহীন’ মামলায় সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে বলেও উল্লেখ করেন সাবেক প্রধানমন্ত্রী। বলেন, এখন যেসব আইনিপ্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, তা শুধুই আনুষ্ঠানিকতা।
পিটিআই প্রতিষ্ঠাতা বলেন, বর্তমান পরিস্থিতি পুরো শাসনব্যবস্থা উন্মোচিত করেছে। সবকিছুতে কারসাজি হয়েছে। নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার, সেনাবাহিনী— সবাই এতে জড়িত ছিল।