শিশুদের বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে: আইনমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে নিজেদের গড়ে তুলতে শিশুদের পরামর্শ দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু শিশুদের অনেক ভালোবাসতেন। বঙ্গবন্ধুর আদর্শে তোমাদের গড়ে উঠতে হবে। তোমরা যদি বাংলাদেশকে উন্নতির শিখরে নিতে যাও, তবে জননেত্রী শেখ হাসিনা যেভাবে নেতৃত্ব দিচ্ছেন তোমাদের সেভাবে গড়ে উঠতে হবে।

আজ বৃহস্পতিবার তেজগাঁওয়ে অবস্থিত সরকারি শিশু পরিবারে (বালিকা) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় তিনি এই পরামর্শ দেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীন করার জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। ছোটবেলা থেকেই তিনি বাংলাদেশের মানুষের অধিকার ও স্বাধিকারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। এজন্য তাকে বহুবার জেল খাটতে হয়েছে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছেন। ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য।

এ সময় আরো উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ  চৌধুরী, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, আইন মন্ত্রণালয়ের উভয় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা সমাজসেবা কার্যালয়ের পরিচালক আয়েশা আক্তার, ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রকনুল হক প্রমুখ।