আইনমন্ত্রী বললেন

সেপ্টেম্বরের মধ্যে ‘এআই’ নিয়ে আইনের খসড়া

আগামী সেপ্টেম্বরের মধ্যে ‘এআই’ (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) নিয়ে নতুন আইনের খসড়া প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আনিসুল হক বলেন, ‘আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স যেভাবে পৃথিবী বদলে দিচ্ছে, সে ব্যাপারে একটি আইন নিয়ে সারা পৃথিবীতে চিন্তা করা হচ্ছে, বাংলাদেশেও বিষয়টি নিয়ে চিন্তা করা উচিত। আমরা সেই চিন্তা করার জন্যই আজ (গতকাল) প্রাথমিকভাবে বসেছিলাম এবং একটি আউটলাইন বা স্কেচ আইনের আলোচনা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘এই বিষয়টি এত ব্যাপক, এটি এক দিনের আলোচনায় শেষ হবে না। আমাদের অভিজ্ঞতা এবং জ্ঞানেরও প্রয়োজন। আইনের খসড়া করার জন্য আমরা আজকে যে সিদ্ধান্ত নিয়েছি আগামী সেপ্টেম্বরের মধ্যে একটি খসড়া তৈরি করব। সেই খসড়ায় কী কী থাকবে, সেটা নিয়ে আলোচনা করেছি। সে অনুযায়ী কাজ করব।’

আইনমন্ত্রী বলেন, ‘এই আইনের মধ্যে যেসব জিনিসগুলো থাকা উচিত, মনুষ্যত্বের দিক থেকে যে বিষয়গুলো রক্ষা করা উচিত, সেগুলোর বিষয়েও আলোচনা করেছি। মানুষের অধিকার সংরক্ষণের জন্য এবং সর্বক্ষেত্রে সেটা সংরক্ষণের জন্য, মানুষের সুবিধার জন্য এআইকে যাতে ব্যবহার করা যায় সেই চেষ্টাই আমরা করব।’

এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত সরকারি শিশু পরিবারে (বালিকা) আয়োজিত আলোচনা সভায় অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক।