লাঞ্চের আগে বাংলাদেশের ক্রিকেটাররা ৫ উইকেট আদায় করতে পেরেছেন কি? তাৎক্ষণিক হয়তো মনে পড়বে ন। তবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেটা করেছেন নাজমুল হোসেন শান্তরা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে মধ্যাহ্নভোজের আগেই নেই লঙ্কানদের ৫ ব্যাটসম্যান। সৈয়দ খালেদ আহমেদের পেস তোপে প্রথম সেশনটা তাই বাংলাদেশের।
প্রথম সেশনে ২২ ওভার ব্যাট করে ৯২ রান তুলতে গিয়ে ৫ উইকেট হারিয়েছে লঙ্কানরা। ৮ ওভারে ১ মেইডেনসহ ৩ উইকেট শিকার করেছেন খালেদ। বাকি দুটি উইকেটের একটি শরিফুলের। অন্যটি রান আউট।
পঞ্চাশের আগে ৪ উইকেট হারিয়ে কঠিন বিপদে শ্রীলঙ্কা। দিনের শুরুতেই সাফল্য পেল বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই ভাঙল শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি।
প্রথম ওভারে ২ রান দেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। দ্বিতীয় ওভার করতে এসে নিশান মাদুশকাকে ফেরান সৈয়দ খালেদ আহমেদ। তার ফুল লেংথ ডেলিভারি ড্রাইভ করার চেষ্টায় লঙ্কান ওপেনারের ব্যাটের বাইরের কানায় লেগে চলে যায় উইকেটের পেছনে।
তৃতীয় স্লিপে বাম দিকে হাত বাড়িয়ে দারুণ রিফ্লেক্সে ক্যাচ নেন মেহেদী হাসান মিরাজ। ৯ বলে ২ রান করে ফেরেন মাদুশকা।
প্রায় ৯ বছর পর ঘরের মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলো বাংলাদেশ। এর আগে ২০১৫ সালের মে মাসে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে বোলিং নিয়েছিলেন মুশফিকুর রহিম। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওই ম্যাচে ৩২৮ রানে হেরেছিল বাংলাদেশ।
সিদ্ধান্তটা ভুল হয়নি তা বুঝিয়ে দিতেই যেন খালেদের তোপ শুরু হয়। শরিফুল ইসলামের বলে অন ড্রাইভ করতে গিয়ে অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন কুশাল মেন্ডিস। কয়েকবার শুশ্রূষা নিলেও অস্বস্তি নিয়েই ব্যাটিং চালিয়ে নিয়েছিলেন শ্রীলঙ্কার কিপার-ব্যাটসম্যান। তাকে বেশিক্ষণ টিকতে দেননি খালেদ। পানি বিরতির আগের ওভারে দারুণ বাউন্সারে মেন্ডিসকে ফেরালেন খালেদ। শরীর বরাবর আসা বাউন্সারে কাট করবেন নাকি ছেড়ে দেবেন এই দ্বিধায় শেষ পর্যন্ত ব্যাটে লেগে চলে যায় গালিতে। দুইবারের চেষ্টায় ক্যাচ নেন জাকির হাসান। ফেরার আগে ২ চারে ২৬ বলে ১৬ রান করেন মেন্ডিস। দ্বিতীয় রান নেওয়ার সময় পূর্ণ হয় তার টেস্ট ক্যারিয়ারের ৪ হাজার রান।
কুসাল মেন্ডিসের পর একই ওভারে দিমুথ কারুনারাত্নের উইকেটও নিলেন সৈয়দ খালেদ আহমেদ। অফ স্টাম্পের বাইরে পিচ করা ডেলিভারিতে ড্রাইভ করতে চেয়েছিলেন লঙ্কান ওপেনার। বলের লাইনে যেতে পারেননি তিনি, ব্যাট আর প্যাডে ফাঁক থেকে যায় অনেকটা। তীক্ষ্ণভাবে ভেতরে ঢুকে যাওয়া ডেলিভারিতে সেই ফাঁক দিয়ে আঘাত করে অফ স্টাম্পের চূড়ায়।
তারপর নেমছিলেন ম্যাথিউস। খালেদের হালকা লাফিয়ে ওঠা ডেলিভারি কভারের দিকে খেলেই রানের জন্য ছোটেন দিনেশ চান্দিমাল। আলসেভাবে সাড়া দেন ম্যাথিউস। মিড অফ থেকে দৌড়ে এসে সরাসরি থ্রোয়ে স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙে দেন নাজমুল হোসেন শান্ত। বিদায়ঘণ্টা বাজে ৭ বলে ৫ রান করা ম্যাথিউসের।
১৪ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৪৯ রান। দিনেশ চান্দিমালকে সঙ্গ দিতে ছয় নম্বরে নেমেছেন লঙ্কান অধিনায়ক ধানাঞ্জয়া ডি সিলভা।