ম্যাচের প্রথম ৪০ মিনিট বাংলাদেশ চোখে চোখ রেখে লড়েছে। তৈরি করেছে গোলের সুযোগও। কিন্তু প্রথমার্ধের শেষ মিনিট পাঁচেক ম্যাচের ছবিটা দেয় পাল্টে। রক্ষণের ভুলে এই সময় হাভিয়ের কাবরেরার দল খেয়ে বসে দুটি গোল। এগিয়ে যায় ফিলিস্তিন।
আর এটাকে ম্যাচের টার্নিং পয়েন্ট বলছেন বাংলাদেশ কোচ কাবরেরা।
ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘প্রথম ৪০ মিনিট আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচই খেলেছি। ফিলিস্তিনের মতো একটা দলের সঙ্গে যা ছিল বেশ ভালো। কিন্তু প্রথমার্ধের শেষটা আমরা যেভাবে করেছি, তা আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এটাই আসলে ম্যাচের টার্নিং পয়েন্ট।’
বাংলাদেশ কোচ জানতেন ম্যাচের একটা সময়ে এসে ঝড় তুলতে পারে ফিলিস্তিন। কিন্তু সেটা যে এভাবে সব তছনছ করে দেবে ভাবেননি। তাঁর কথা, ‘আমরা জানতাম ম্যাচের একটা সময় এমন কিছু হতে পারে। কিন্তু সেটা যে এভাবে আমাদের ধসিয়ে দেবে, তা ভাবনার বাইরে ছিল। এরপর ম্যাচে ফেরা আমাদের জন্য কঠিন হয়ে যায়। দ্বিতীয়ার্ধে আমরা শক্তিশালী একটা দলের সামনে রীতিমতো উড়ে যাই।’
হতাশা এক পাশে রেখে ভুল থেকে শিক্ষা নিতে চান বাংলাদেশ কোচ, ‘কোথায় ভুল হয়েছে সেটা এখন আমাদের বের করতে হবে। এটাও খুঁজে দেখতে হবে যে কেন আমরা লড়াই করতে পারলাম না। বিশেষ করে প্রথম ৪০ মিনিট এমন খেলার পর এভাবে হেরে যাওয়া কোনোভাবে মেনে যাওয়া যায় না। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে এবং অবশ্যই আরও উন্নতি করতে হবে। আপাতত এটিই এখন আমাদের মূল কাজ।’