মাত্র ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে বসে খাঁদের কিনারে চলে গিয়েছিল শ্রীলঙ্কা। সেখান থেকে দলকে টেনে তুলেন কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে রেকর্ডগড়া জুটি হয়েছিল। দুজনেই পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। তাদেরকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন অভিষিক্ত বাংলাদেশি বোলার নাহিদ রানা।
একাধিক সুযোগ হাতছাড়া করার পর চড়া মাশুল গুনে অবশেষে ষষ্ঠ উইকেট জুটি ভাঙল বাংলাদেশ। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা কামিন্দু মেন্ডিসকে ফিরিয়ে নিজের প্রথম উইকেট নিলেন নাহিদ রানা। কামিন্দুর বিদায়ে ভেঙেছে ধানাঞ্জয়া ডি সিলভার সঙ্গে গড়া ২০২ রানের জুটি। যা বাংলাদেশের বিপক্ষে অষ্টম উইকেটে শ্রীলঙ্কার সর্বোচ্চ।
নাহিদের বাড়তি বাউন্স করা ডেলিভারি খোঁচা মেরে উইকেটরক্ষক লিটন কুমার দাসের গ্লাভসে তুলে দিয়েছেন কামিন্দু। ফেরার আগে ১১ চার ও ২ ছক্কায় ১২৭ বলে ১০২ রান করেছেন বাঁহাতি ব্যাটসম্যান। নাহিদ রানার পরের ওভারে চার মেরে ধানাঞ্জয়া ছুঁয়ে ফেললেন দারুণ এক সেঞ্চুরি। চাপের মুখে দায়িত্বশীল ব্যাটিংয়ে ১২ চার ও ১ ছক্কায় ১২৭ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে তার তৃতীয় সেঞ্চুরি এটি। সবমিলিয়ে একাদশ।