৫৭-৫ থেকে ২৮০ শ্রীলঙ্কা

মাত্র ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে বসে খাঁদের কিনারে চলে গিয়েছিল শ্রীলঙ্কা। সেখান থেকে দলকে টেনে তুলেন কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে রেকর্ডগড়া জুটি হয়েছিল। ‍দুজনেই পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। তাদের ব্যাটে ভর করে ২৮০ রানে থেমেছে শ্রীলঙ্কার ইনিংস।

রান আউটে সমাপ্তি ঘটল শ্রীলঙ্কার ইনিংসের। কাসুন রাজিথার সঙ্গে ভুল বোঝাবুঝিতে আউট হলেন লাহিরু কুমারা।

তাইজুলের ইসলামের বলে বড় শটের চেষ্টায় টাইমিং হয়নি কুমারার। বল মিড-অফের দিকে যাওয়ার পথে রানের জন্য বেরিয়ে যান তিনি৷ কিন্তু সাড়া দেননি রাজিথা। কুমারা ক্রিজে ফেরার আগেই ভাঙা হয় স্টাম্প।

২১ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ২৮০ রানে থামল শ্রীলঙ্কা।

শেষের মতো শুরুতেও ধস নামে লঙ্কান ইনিংসে৷ স্রেফ ৫৭ রানে ৫ উইকেট হারায় তারা। বাংলাদেশের বিপক্ষে আগের ২৪ টেস্টে কখনোই ১০০ রানের আগে ৫ উইকেট হারায়নি তারা।

ষষ্ঠ উইকেটে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বোচ্চ ২০২ রানের জুটি গড়েন ধানাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। ব্যক্তিগত সেঞ্চুরি ছুঁয়ে দুজনই আউট হন সমান ১০২ রান করে।

অভিষিক্ত নাহিদ রানা ও সৈয়দ খালেদ আহমেদ নেন ৩টি করে উইকেট।