শুরুটা রৌদ্রজ্বল, শেষটা মেঘাচ্ছন্ন

সিলেটের আকাশে কাল থেকে ছিল সাদা মেঘের উড়াউড়ি। আজ দেখা মিলেছিল রোদের ঝলকের। ঠিক যেভাবে বাংলাদেশি বোলাররা দেখিয়েছিলেন। তারপর মাঝেমধ্যে মেঘ উড়ে বেরিয়েছে। তবে সেই মেঘ মাঠের খেলায় বিঘ্ন ঘটায়নি। প্রভাব ফেলেছে বাংলাদেশের বোলারদের পারফরম্যান্সে। প্রথম সেশনে মাত্র ৫৭ রানের ৫ উইকেট শিকারের পর দ্বিতীয় কোনো উইকেটই পায়নি। যা বজায় ছিল ব্যাটিং ইনিংসেও।

তাতে সিলেট টেস্টের প্রথম দিনের শেষে চালকের আসনে শ্রীলঙ্কা। প্রথম দিন শেষে নাজমুল হোসেন শান্তর দল ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩২ রান।

ভিশ্ব ফার্নান্দোর ভেতরে ঢোকা ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় পরাস্ত জাকির হাসান। প্যাডে লাগতেই জোরালো আবেদনে আঙুল তুলে দিলেন আম্পায়ার। কিছুক্ষণ ভেবে রিভিউ নিলেন জাকির।

রিপ্লেতে দেখা যায়, ‘পিচিং’ ও ‘ইমপ্যাক্ট’ ঠিক থাকলেও ‘উইকেটস’ এর বেলায় আম্পায়ার্স কল। অর্থাৎ মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকল। আম্পায়ার নট আউট দিলে বেঁচে যেতেন জাকির।

পরপর দুই ওভারে দুই উইকেট নিলেন ভিশ্ব ফার্নান্দো। জাকির হাসানের পর নাজমুল হোসেন শান্তকেও ফেরালেন ভিশ্ব ফার্নান্দো। অফ স্টাম্পের বাইরে পিচ করে হালকা নিচু হওয়া লেংথ ডেলিভারি শান্তর প্যাডে আঘাত করে৷ জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিয়েও কোনো লাভ হয়নি বাংলাদেশ অধিনায়কের। ১০ বলে ৫ রান করে ফিরলেন তিনি।

শেষ ঘণ্টায় ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারাল বাংলাদেশ। জাকির হাসান, নাজমুল হোসেন শান্তর পর ফিরলেন মুমিনুল হক। কাসুন রাজিথার অফ স্টাম্পের বাইরে ব্যাক অব লেংথ ডেলিভারিতে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন মুমিনুল। ৭ বলে তিনি করেন ৫ রান।

নাইটওয়াচম্যান হিসেবে নেমেছেন তাইজুল ইসলাম। এক বল খেললেও এখনও খুলতে পারেননি রানের চাকা। ওপেনার জয় অপরাজিত আছেন ৯ রানে।