দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা তৈরি ও প্রতিরোধমূলক কর্মকা- পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক উপকমিটি। এজন্য দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অনলাইন অফলাইনে নানা কর্মসূচি পালন করা হবে।
গতকাল শুক্রবার ধানম-িতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক, উপকমিটির সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে কাউন্সেলিং করার চিন্তাভাবনা করছি।’
এ কর্মকা-ের সঙ্গে জনপ্রতিনিধি, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সম্পৃক্ত করতে চান বলে জানান শামসুন নাহার। এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকেও আলোচনা হবে বলে জানান তিনি।
এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে এতিম ও দুস্থদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা ও মানবসম্পদবিষয়ক উপকমিটি।
সভায় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় বেগম শামসুন নাহারকে শুভেচ্ছা জানান কমিটির সদস্যরা। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক উপকমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম নাহিদ।