রাজধানীর দক্ষিণখানে এক নিরাপত্তাকর্মী হত্যার ঘটনায় এস এম ওয়াহিদ হোসেন ওরফে পুলককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে জিজ্ঞাসাবাদের বরাতে ডিবি বলছে, ওই নিরাপত্তাকর্মী বিভিন্ন সময় পুলককে চড়থাপ্পড় দিতেন। এর প্রতিশোধ নিতেই তাকে কুপিয়ে হত্যা করা হয়। বাবা মারা যাওয়ায় পারিবারিকভাবে অবহেলার শিকার পুলক ‘সিরিয়াল কিলিংয়ের’ পরিকল্পনা করে; যার অংশ হিসেবে নিরাপত্তাকর্মীকে হত্যা করে। আসলে তার ডন হওয়ার স্বপ্ন ছিল।
গতকাল শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, ‘গত ১৮ মার্চ রাতে রাজধানীর দক্ষিণখান এলাকায় তোফাজ্জল চেয়ারম্যানের বাড়ির নিরাপত্তাকর্মী আফিল মিয়াকে (৫৭) অজ্ঞাত আসামিরা গভীর রাতে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের স্ত্রী খোরশেদা খাতুন বাদী হয়ে একটি মামলা করেন। সেই মামলার তদন্তে নেমে হত্যায় জড়িত এস এম ওয়াহিদ হোসেন ওরফে পুলককে গ্রেপ্তার করে ডিবির উত্তরা বিভাগ।’
হারুন অর রশীদ বলেন, ছোটবেলায় বাবা হারিয়ে চাচাদের হাতে নির্যাতন ও নিরাপত্তাকর্মীর হাতে চড়থাপ্পড় খেত পুলক। ফলে তার মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়। এ ছাড়া তার ভেতরে একটি বিকৃত ইচ্ছার জন্ম হয়। দক্ষিণখানসহ উত্তরা এলাকার ত্রাস সৃষ্টি করতে সিরিয়াল কিলিংয়ের পরিকল্পনা করে। তার টার্গেট ছিল ৯টা হত্যা করা। যার প্রথমটি হলো নিরাপত্তাকর্মী আফিল মিয়া।