এমভি আবদুল্লাহ জাহাজ

‘নাবিকরা ঠিক মতো পানি-খাবার পাচ্ছেন না’

বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করা সোমালি জলদস্যুদের ভূমির সঙ্গে যোগাযোগ বন্ধে অভিযান শুরু করেছে দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল পান্টল্যান্ড পুলিশ। অন্যদিকে সমুদ্রের অংশে নজরদারি রাখছে আন্তর্জাতিক বাহিনি।

এর মধ্যেই গত বুধবার সেহরির পর পর ছেলের ফোন পান শাহনুর বেগম। তার ছেলে এমভি আব্দুল্লাহর চিফ অফিসার আতিকুল্লাহ খান।

শাহনুর বেগম জানান, ‘কতটা দুঃসহ দিন পার করছেন তার ছেলেসহ অন্য নাবিকরা। ঠিকমত পানি দেয় না, খাবার দেয় না। হয়তো একবেলা ইফতার করলো, আরেক বেলা খাবার নেই।’

ডাকাতরা ৯-১০ দিনে প্রায় সব খাবার শেষ করে ফেলেছে বলে ছেলের কাছে শুনেছেন তিনি।

জিম্মি থাকা ইঞ্জিন ক্যাডেট আইয়ুব খানের সঙ্গে তার বড় ভাই ওমর ফারুকের সর্বশেষ কথা হয় গত সপ্তাহের শুরুতে।

ফারুক গত মঙ্গলবার জানান, জলদস্যুরা প্রতিদিন খাবার নষ্ট করছে। এ অবস্থা চলতে থাকলে খুব অল্প সময়ের মধ্যেই বড় সংকটে পড়তে হবে তাদের।

তার ওপর, দস্যুদের সংস্পর্শ এবং অপরিচ্ছন্ন অবস্থায় থাকতে হচ্ছে বলে অ্যালার্জি সমস্যা দেখা দিয়েছে।