বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নের এক হাজার রোজাদারকে ইফতার করালেন ইউপি চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা নাহিদ সুলতানা তৃপ্তি। শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামে এই ইফতারের আয়োজন করা হয়।
জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি প্রতি বছর রমজানে রোজাদারদের ইফতার করান। দোয়া মোনাজাত পরিচালনা করেন ছাতনী সরদার পাড়া জামে মসজিদের ঈমাম ও আহসানুল হক ডিগ্রী কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক হাফেজ আব্দুল্লাহ আল মামুন।
ইফতারে অংশ নেওয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য সমাজ খান বলেন, বিভিন্ন দলের এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ইফতারে আসে। এটা সত্যিই ভালো লাগার। আমি চাই এমন ধারা অব্যাহত থাকুক। সবার জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুক। আমিন।
দোয়া পরিচালনাকারী হাফেজ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ইফতার করা যেমন ফজিলতের, ইফতার করানোও তেমনি বরকতের।
আয়োজক নাহিদ সুলতানা তৃপ্তি বলেন, ইফতার করানোর ভেতর আনন্দ আছে। আছে অনেক সাওয়াব। দল মত নির্বিশেষে ধনী গরিব সবাইকে আমি প্রতি রমজানে ইফতার করাই।
এছাড়াও আমার মাদুর তৈরির কারখানায় প্রতিদিন কর্মচারী, পথচারী ও মুসাফিরদের জন্য ইফতার আয়োজন করা হয়। আমি এর বাইরেও এক দিন বিশাল করে আয়োজন করি। সেই ধারাবাহিকতায় প্রায় এক হাজার রোজাদারদের জন্য শুক্রবার একটি বড় গরু জবাই করি এবং ইফতারের ব্যবস্থা করি। আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
ইফতারে উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ফিরোজ মো. কামরুল হাসান, ইউপির প্যানেল চেয়ারম্যান শাহীন আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আমিনুল, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মিলন, সান্দিড়া স্টার ক্লাবের সহ সভাপতি নয়ন, ইউপি সদস্য ও যুবলীগ নেতা নেতা সাইদুল ইসলাম, রফিকুল ইসলাম রঞ্জু, ফেরদৌস রহমানসহ স্থানীয়রা।