পিএসজিতে নেইমারের সঙ্গে জুটি বেঁধে খেলেছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরে। তাই নেইমারকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল পাস্তোরের। সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমারকে নিয়ে নিজের মত জানিয়েছেন পাস্তোরে।
নেইমারকে বেশি প্রতিভাবান খেলোয়াড়দের একজন বলছেন পাস্তোরে। তবে ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে আক্ষেপের কথাও জানিয়েছেন।
বর্তমানে কাতার স্পোর্টস ক্লাবে খেলা পাস্তোরে মনে করেন নেইমার ফুটবলে শতভাগ মনোযোগী না হওয়ায় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর কাতারে যেতে পারেননি।
নেইমারকে নিয়ে পাস্তোরে বলেন, ‘নেইমার একজন ফেনোমেনন। খুবই দারুণ একজন মানুষ। সে নিজের মনমতো জীবনযাপন করে। কেউ তার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে না। মেসি ছাড়া নেইমারের মতো এমন প্রতিভাবান খেলোয়াড় আমি আর দেখিনি। তার মধ্যে সব গুণ আছে। প্রতিক্রিয়ায়? সে সেরা। গতিতে? দারুণ গতিময়। বল পরিচালনায়? সেখানেও সে সেরা। আর ড্রিবলে? সে আপনার সঙ্গে যা খুশি করতে পারে। ফিনিশিং? যেকোনো পায়ে গোল করতে পারে। লাফানো? তার মধ্যে সব আছে।’
তবে নেইমারকে নিয়ে আক্ষেপও করেছেন, ‘যদি সে চাইত তবে ব্যালন ডি'অরের জন্য মেসি-রোনালদোর সঙ্গে লড়াই করতে পারতো। কিন্তু সে একেবারেই ভিন্নভাবে জীবনযাপন করে। ফুটবলের জন্য সে নিজেকে শতভাগ উজাড় করে দেয় না।’
পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া নেইমার এখন মাঠে ফিরতে মরিয়া।