ফরিদপুরের বোয়ালমারীতে শিউলী বেগম (৪৫) নামের এক দুবাই প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার স্বজনরা। শনিবার (২৩ মার্চ) ওই নারীর লাশ স্বজনেরা উদ্ধার করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।
ওই মহিলা উপজেলার ঘোষপুর ইউনিয়নের পূর্ব ঘোষপুর গ্রামের দুবাই প্রবাসী মো. দেলোয়ার হোসেনের স্ত্রী। দুই ছেলের মৃত্যু ও মেয়ের বিয়ে হওয়ায় তিনি বাড়িতে একাই থাকতেন। তার দুই ছেলেই মারা যাওয়ায় এবং মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় তিনি বাড়িতে একাই থাকতেন।
জানা যায়, ওই নারী গতকাল শুক্রবার তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসেন। আজ শনিবার সকালে এক এনজিও কর্মী ওই মহিলার কাছ থেকে কিস্তির টাকা আদায় করতে গেলে দরজা বন্ধ দেখতে পান। পরে ওই মহিলার ননদ ও দেবর অনেকবার ডাকাডাকি করলেও দরজা না খোলায় সন্দেহ হয়। পরে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই মহিলাকে গলায় ফাঁসরত অবস্থায় দেখে থানায় খবর দেন।
বোয়ালমারী থানার উপ-পরিদর্শক মো. বাবুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।