বোয়ালমারীতে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারীতে এক দুবাই প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শিউলী বেগম (৪৫) নামের ওই নারী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছে স্বজনরা। তিনি উপজেলার ঘোষপুর ইউনিয়নের পূর্ব ঘোষপুর গ্রামের দুবাই প্রবাসী মো. দেলোয়ার হোসেনের স্ত্রী। তার দুই ছেলেই মারা যাওয়ায় এবং মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় তিনি বাড়িতে একাই থাকতেন। 

শনিবার (২৩ মার্চ) ওই নারীর লাশ স্বজনেরা উদ্ধার করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ মর্গে পাঠিয়েছেন।

জানা যায়, ওই নারী শুক্রবার তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসেন। এরপর শনিবার সকালে এক এনজিও কর্মী ওই নারীর কাছ থেকে কিস্তির টাকা আদায় করতে গেলে দরজা বন্ধ দেখতে পান। পরে ওই তার ননদ ও দেবর অনেকবার ডাকাডাকি করলেও দরজা না খোলায় সন্দেহ হয়। পরে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে ঝুলে আছেন ওই নারী।

এ ব্যাপারে লাশ উদ্ধারকারী থানার উপ-পরিদর্শক মো. বাবুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।