গোপালগঞ্জে পিকআপের চাপায় কিশোর নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে পিকআপের চাপায়  রানা শেখ (১২)  নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকার নীচু মাজড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রানা শেখ কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকার নীচু মাজড়া গ্রামের মো: ফারুক শেখের ছেলে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম মজুমদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) আবুল হাসেম মজুমদার জানান, মাজড়া এলাকার নীচু মাজড়ায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিল রানা শেখ। এ সময় দ্রুতগামী একটি পিকআপ রানাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।

তিনি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন এলাকাবাসী। এতে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করেন।