২ বছর পর...

টেলিভিশনে অভিনয় কমিয়ে এখন ওটিটিতে ঝুঁকেছেন মেহজাবীন চৌধুরী। তবে সেই সংখ্যাও খুব কম। নাটকে এখন তাকে দেখা যায় না বললেই চলে। গেল ভালোবাসা দিবসে তাকে ওটিটিতে দেখা গেলেও নাটকে পাওয়া যায়নি। গেল বছরের শেষ দিকে সর্বশেষ ‘অনন্যা’ নাটকে অভিনয় করেছিলেন।

চলতি বছরেই বড় পর্দায় অভিষেক ঘটবে তার, দেখা যাবে ‘সাবা’ সিনেমায়। ওটিটি এবং সিনেমার ব্যস্ততার কারণেই মূলত নাটকে দেখা যায় না তাকে। তবে নতুন খবর হলো, দুই বছর পর ঈদের নাটকে দেখা যাবে মেহজাবীনকে।

তিনি বলেন, ‘গত দুই বছর ঈদের নাটকে কাজ করা হচ্ছে না। যদিও গত দুই বছরে ঈদে পুরনো কিছু নাটক চলেছে। তারপরও নতুন নাটকের জন্য দর্শকের অনেক অনুরোধ থাকে। এবার যদি ঠিকঠাক থাকে, তাহলে ঈদুল ফিতরে একটি নাটকে কাজ করার ইচ্ছা আছে।’ তবে নাটকের নাম, সহশিল্পী ও পরিচালকের ব্যাপারে এখনই বিস্তারিত বলতে চাননি মেহজাবীন। বলেন, ‘নাটকটির গল্প, চরিত্র ভালো লেগেছে। চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। চলতি মাসের শেষের দিকে শুটিং শুরু হতে পারে।’

তিনি আরও বলেন, ‘গল্প ও চরিত্রের কারণে সংখ্যা কম হতে পারে, অনিয়মিত হতে পারে; কিন্তু নাটক একেবারেই ছাড়ছি না। এক যুগের বেশি সময় ধরে নাটকে অভিনয় করছি। সাড়ে চারশোর বেশি নাটকে কাজ করেছি। নানা বৈচিত্র্যের গল্প, চরিত্রে অভিনয় করেছি। এখন ভালো গল্প, চরিত্র না পেলে কাজ করা মুশকিল। কারণ, আমার কাছ দর্শকের একটা প্রত্যাশা আছে, সেটিও মাথায় রাখতে হয়। এখন বেশির ভাগই যেসব চিত্রনাট্য আসে পড়ে মনে হয়, আগে এই গল্প, এই চরিত্রে কাজ করে ফেলেছি। এতে দর্শক আশাহত হন। কম কাজ হলেও আশা করব ভালো কিছু উপহার দিয়েই সারা বছর দর্শকের মন ভালো রাখার।’

এবার ঈদে নাটক ছাড়াও মেহজাবীনকে দেখা যাবে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে। মোবাইলের বিভিন অ্যাপসের ব্যবহার নিয়ে দলীয় নৃত্য সংগীতের একটি পর্বে দেখা যাবে তাকে। এই পর্বে তার সঙ্গে অংশগ্রহণ করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর এটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে।